বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সহপাঠীকে ছাড়িয়ে নিতে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণীর দৃশ্য আলোচনায় এসেছিল। প্রায় দুই বছর পর ভারতের মুম্বাইয়েও তেমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন রিয়া আহির নামে এক তরুণী। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে পুলিশ ভ্যানের পথ আটকে তিনি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্ক এলাকায় একটি চলন্ত পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে সেটির গতি থামানোর চেষ্টা করেন রিয়া আহির। পুলিশ সদস্যরা তাকে সরে যেতে বললেও তিনি অবস্থান থেকে নড়েননি।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া দুই হাত তুলে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আছেন এবং সেটির অগ্রগতি থামানোর চেষ্টা করছেন।
তার এই পদক্ষেপে আশপাশে থাকা লোকজন করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানান। পরে রিয়ার বাধার মুখে আটক আন্দোলনকারীদের ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইনস্টাগ্রাম প্রোফাইলের তথ্য অনুযায়ী, রিয়া আহির একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার প্রায় ১ লাখ অনুসারী রয়েছে। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় সংগীতচিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ প্রকাশিত সংগীতচিত্রের নাম ‘দিলবারা’। এছাড়া হস্তশিল্প ও পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত রিয়া ‘রিয়াসত’ নামে একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন।