যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করলে বা আলোচনায় অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
শুক্রবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঘালিবাফের একটি পোস্টের কথা উল্লেখ করা হয়। সেখানে তিনি বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে অসৎ উদ্দেশ্য, চুক্তি ভঙ্গ কিংবা অতিরিক্ত দাবির ঘটনা ঘটলে শত্রুর বিরুদ্ধে বিধ্বংসী জবাব দিতে আমরা কোনো দ্বিধা করব না।
তিনি আরও বলেন, যুদ্ধের সময় তারা একবার চড় খেয়েছিল। যদি তারা আবার সেই পথে হাঁটতে চায়, তবে এবার আরও কঠিন চড়ের মুখে পড়বে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ঘালিবাফের এমন মন্তব্য এলো। তার বক্তব্যে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে ঘালিবাফের এই মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।