চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিনি চীন সফর করবেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বেইজিং সফরে যাচ্ছেন।
নিজের প্রথম মেয়াদে ২০১৭ সালে ট্রাম্পই সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। সে সময় বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এবারের সফরটি যেকোনো সময়ের তুলনায় আলোচিত। কেননা বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থানের প্রভাব চীনকে বৈশ্বিক রাজনীতিতে আরও শক্তিশালী করে তুলেছে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের আসন্ন সফরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক, বাণিজ্য ইস্যু, প্রযুক্তি প্রতিযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পেতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে এই বৈঠক পরবর্তীতে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় ঘুরতে পারে বলেও মনে করছেন অনেকে।