ইরানের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের যোগাযোগের জন্য ব্যবহৃত এই কৌশলগত রেলসেতু হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোলেস্তান প্রদেশের ‘আঘ তেক্কেহ খান’ রেলসেতু লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেতুর রেললাইনসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবি ও ভিডিওতে সেতুর ওপর বড় একটি গর্ত এবং বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়। হামলার পর তেহরান ও মাশহাদের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের রেলওয়ে কর্তৃপক্ষ।
ফারস নিউজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলসেতু দ্রুত সচল করতে প্রকৌশলী দল পাঠানো হয়েছে এবং মেরামতের কাজ শুরু হয়েছে।
কাস্পিয়ান সাগরের পূর্বে প্রায় ৪০ কিলোমিটার দূরে আক্কালা শহরের কাছে অবস্থিত এই রেলসেতু ইরানকে তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের মাধ্যমে চীন ও রাশিয়ার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে। এটি তেহরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবহন করিডোর হিসেবে বিবেচিত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মার্চে যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন অবরোধের মধ্যে পারস্য উপসাগরের বন্দরগুলো এড়িয়ে স্থলপথে পণ্য পরিবহনের বিকল্প হিসেবে এই করিডোর ব্যবহার করে আসছিল ইরান।
এর আগে বুধবার রাতে দ্বিতীয় দফায় ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ওই অভিযানে ৯০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো।