Skip to main content

Ridge Bangla

চীনের অর্থনৈতিক করিডর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায় রয়েছে: হুমায়ুন কবির

চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে অর্থনৈতিক করিডরের প্রস্তাব দিয়েছেন, সেটিকে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কক্সবাজার হয়ে মিয়ানমার এবং সেখান থেকে চীন পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক করিডর বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলছে।

শনিবার কক্সবাজারের একটি হোটেলে দক্ষিণ এশিয়ান একাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের ৩ দিনব্যাপী একাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি স্পষ্ট করেন, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় পর্যায়ের পাশাপাশি চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বহুপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক একাডেমি প্রোগ্রামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জেসিআই সদস্য, তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন।

This post was viewed: 28

আরো পড়ুন