Ridge Bangla

চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে ২ যুবকের পলায়ন

নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে এক ইতালি প্রবাসীর স্ত্রীকে বিয়ে করতে এসে স্থানীয়দের সন্দেহে পড়ে জেরার মুখে পালিয়ে গেছে দুই যুবক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে গত রোববার (৩ মে) বিকেলে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ফতেপুর গ্রামের ওই নারীর সঙ্গে সামাজিক মাধ্যমের পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নিলে ওই গৃহবধূকে বিয়ের উদ্দেশ্যে আরেকজনকে সঙ্গে নিয়ে গ্রামে আসেন ব্যক্তিটি।

এ সময় তারা নিজেদের চীনা নাগরিক দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হলে প্রথমে তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি পরিচয়ের দাবি পাকাপোক্ত করার চেষ্টা করে। কিন্তু এ সময় তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়লে সন্দেহ আরও বাড়ে। এ অবস্থায় হঠাৎ সুযোগ বুঝে তারা একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায়।

বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী জানান, ওই দুই যুবকের আচরণ শুরু থেকেই অস্বাভাবিক ছিল। জিজ্ঞাসাবাদের সময় তারা বিভিন্ন কাগজপত্র দেখালেও পরে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। কিন্তু এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ সময় তিনি প্রতারণার শিকার না হওয়ার জন্য অনলাইনে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

This post was viewed: 7

আরো পড়ুন