Ridge Bangla

চিকিৎসা বিজ্ঞানে বেসিক বিষয়ে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা

চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টে শিক্ষক সংকট দূরীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে, যা চলতি অর্থবছর থেকেই কার্যকর হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

বেসিক সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে—অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও অ্যানেস্থেসিওলজি। এসব বিষয়ে পাঠদানরত শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে এই প্রণোদনা দেওয়া হবে।

তবে এই সুবিধা পেতে শিক্ষকদের কিছু শর্ত মানতে হবে। কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকদের দাপ্তরিকভাবে নন-প্র্যাকটিসিং ডিক্লারেশন জমা দিতে হবে। কেউ প্র্যাকটিসে যুক্ত থাকলে বা তা প্রমাণিত হলে তিনি এই ভাতার আওতায় আসবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রণোদনা প্রদানে সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। জাতীয় বেতন স্কেলে এই ভাতার হার অপরিবর্তনীয় থাকবে। ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট দেখা দিচ্ছিল। কারণ, এসব বিষয়ে প্র্যাকটিসের সুযোগ না থাকায় চিকিৎসকেরা এগুলোতে যোগ দিতে আগ্রহ হারাচ্ছিলেন। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে এই সংকট দূরীকরণের জন্য প্রণোদনা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই পদক্ষেপকে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন ও বেসিক বিষয়ে আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

This post was viewed: 43

আরো পড়ুন