রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জরুরি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানিয়েছেন, বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনার সূত্রপাত হয়। ঘটনার পর নতুন রোগী ভর্তি আপাতত বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসা নিতে আসা এক শিক্ষার্থীকে প্রেসক্রিপশন দেওয়া হলেও হাসপাতালে ওষুধ না থাকায় বাইরে থেকে সংগ্রহ করতে বলা হয়। লিখে দেওয়া ওষুধ বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তর্কে জড়ান।
একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।