Ridge Bangla

চার বিশ্ববিদ্যালয়ে পাঁচ নতুন প্রো-ভিসি নিয়োগ

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পাঁচজন নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (১০ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন এবং প্রো-ভিসি (প্রশাসন) হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকীকে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হয়েছেন ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতি দিয়ে তাদের নিজ নিজ মূল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রো-ভিসিদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে তাদের সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

This post was viewed: 7

আরো পড়ুন