চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৩ মে) হাংঝৌ জিয়াওশান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ঝেইজিয়াং প্রদেশের ভাইস গভর্নর জু ওয়েংগুং। এ সময় দুই দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
সফরের শুরুতেই চীনের কমিউনিস্ট পার্টির ঝেইজিয়াং প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং হাওয়ের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরিফ। বৈঠক শেষে তার উপস্থিতিতে দুটি সহযোগিতা চুক্তি সই হয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব ও চীনের ঝেইজিয়াং প্রদেশের মধ্যে ‘সিস্টার প্রভিন্স’ সম্পর্ক গড়ে তোলার সমঝোতা স্মারক স্বাক্ষর।
এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং দ্বিপাক্ষিক যোগাযোগ আরও জোরদার করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে এই সফর অর্থনৈতিক ও বাস্তবমুখী সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করবে। সফরকালে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে শাহবাজ শরিফ চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে আলিবাবা গ্রুপের সদর দপ্তর পরিদর্শন।