চারদিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন পুনরায় আরম্ভ করা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলমান অধিবেশনে সংসদ সদস্যরা বিভিন্ন কার্যসূচিতে অংশ নিচ্ছেন। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে গত ১০ এপ্রিল স্পিকার চার দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন। ওইদিন সংসদে গুরুত্বপূর্ণ কয়েকটি বিলসহ মোট ২৪টি বিল পাস হয়।
চলতি অধিবেশনে এখন পর্যন্ত মোট ৯১টি বিল অনুমোদন পেয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে সংসদের বিশেষ কমিটি অধিকাংশের অনুমোদনের সুপারিশ করেছে। এর মধ্যে ৯৮টি অপরিবর্তিত, ১৫টি সংশোধনসহ পাসের প্রস্তাব করা হয়।
অবশিষ্ট অধ্যাদেশগুলোর মধ্যে চারটি বাতিলের সুপারিশ করা হয়েছে এবং ১৬টিকে আরও পরিমার্জন করে নতুন বিল হিসেবে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।