চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণের পর ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। দ্রুত কেবিন ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে কোনো যাত্রী আহত হননি।
গালফ নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানায়, গত ২৪ জুলাই লানঝু থেকে আসা চায়না ইস্টার্নের এমইউ২৪২১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর টার্মিনালের দিকে ট্যাক্সি করার সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়।
অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ আহত না হলেও উড়োজাহাজটির কেবিনে ধোঁয়ার কারণে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোলা ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কম্পার্টমেন্টের ভেতরে হাত ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। অন্য কেবিন ক্রুরাও দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
যাত্রীদের নামানোর আগেই কেবিন ক্রুরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পরে বিমানবন্দরের দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের নীতিমালা অনুযায়ী, যাত্রীরা কেবিন ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারলেও তা ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ। এছাড়া ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার করে কোনো ইলেকট্রনিক যন্ত্রে চার্জ দেওয়ারও অনুমতি নেই।