Skip to main content

Ridge Bangla

চানখারপুলে ছয়জন হত্যায় মানবতাবিরোধী মামলার রায় আজ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হবে আজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই রায় পাঠ করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ।

মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন আইনি হেফাজতে থাকলেও বাকি চারজন পলাতক। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

অন্যদিকে পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামসহ একই অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। ২৩ কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ করা এই মামলায় তদন্ত কর্মকর্তাদের পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট ২৬ জন জবানবন্দি দিয়েছেন।

প্রসিকিউশন জানিয়েছে, রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলিবর্ষণ করলে এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।

This post was viewed: 40

আরো পড়ুন