Ridge Bangla

চাচাকে বাবা সাজিয়ে চাকরি নেওয়া ইউএনও কামাল হোসেনকে ওএসডি

নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

অভিযোগ অনুযায়ী, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় তার প্রকৃত পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের নামের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনের নাম পিতা-মাতা হিসেবে উল্লেখ করেন। এই জাল তথ্য ব্যবহার করেই তিনি মুক্তিযোদ্ধা কোটার আওতায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পান।

এই জালিয়াতির অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মিলিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা যাচাই করতে সম্প্রতি দুদক ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয়, যাতে কামাল হোসেনের প্রকৃত মা-বাবা কে তা নিশ্চিত হওয়া যায়। মঙ্গলবার (৪ নভেম্বর) ওই সিদ্ধান্তের পরদিনই তাকে ইউএনও পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুদকের তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কামাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কোটায় জালিয়াতি করে চাকরি নেওয়ার এ ধরনের ঘটনা সরকারি চাকরিতে বিরল নয়। তবে একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এমন অনিয়মে অভিযুক্ত হওয়ায় বিষয়টি প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন