Skip to main content

Ridge Bangla

চাকরি ও সম্পত্তির লোভে মাকে হত্যার অভিযোগ, বাবার মৃত্যুতেও সন্দেহ আইনপড়ুয়া মেয়েকে ঘিরে

ভারতের জয়পুরে সরকারি চাকরি ও পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে ভাড়াটে খুনি দিয়ে নিজের মাকে হত্যার অভিযোগে আইনপড়ুয়া ছাত্রী আয়ুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার তদন্তের মধ্যেই গত বছর চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যুর ঘটনায়ও তার বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন মামা।

পুলিশ জানায়, জয়পুর আদালতের ক্লার্ক নীরাজ শর্মাকে গত ৩ জুলাই একটি স্করপিও গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

তদন্তে পুলিশের দাবি, আইনে স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্রী আয়ুশি তার খালাতো ভাই বলরামের সহায়তায় হত্যার পরিকল্পনা করেন। এ জন্য ৭ লাখ টাকায় ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল।

আয়ুশির বাবা বিজয় শর্মার মৃত্যুর পর অনুকম্পার ভিত্তিতে জয়পুর আদালতে ক্লার্কের চাকরি পেয়েছিলেন নীরাজ শর্মা। পুলিশের ভাষ্য, ওই সরকারি চাকরি নিজের নামে নেওয়া এবং পারিবারিক সম্পত্তি ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে মাকে হত্যার পরিকল্পনা করেন আয়ুশি।

তদন্তকারীদের দাবি, হত্যার পরিকল্পনায় আয়ুশি, তার খালাতো ভাই বলরাম এবং বলরামের বাবা মোহন জড়িত ছিলেন। পুলিশ আরও দাবি করেছে, আয়ুশি ও বলরামের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা পারিবারিক সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনাও করেছিলেন।

পুলিশের তথ্যমতে, গত ৩ জুলাই ছোট ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন নীরাজ শর্মা। পথে দ্রুতগতির একটি স্করপিও গাড়ি তাকে চাপা দেয়।

এর প্রায় এক মাস আগেও নীরাজকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে যানজটের কারণে সেবারের পরিকল্পনা সফল হয়নি।

এ ঘটনায় ভাড়াটে খুনি হিসেবে অভিযুক্ত হেমন্ত, আকাশ, মোহিত, অরবিন্দ ও রোহিতকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আয়ুশির খালাতো ভাই বলরাম এখনও পলাতক।

এর মধ্যে পুলিশ হেফাজতে থাকা আয়ুশির বিরুদ্ধে বাবাকে হত্যার নতুন অভিযোগ তুলেছেন তার মামা রাকেশ শর্মা। তার দাবি, গত বছর মস্তিষ্কে রক্তক্ষরণের পর আয়ুশি ও বলরাম মিলে বিজয় শর্মাকে একটি হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ সময় পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে তার চিকিৎসার তথ্য গোপন রাখা হয়েছিল।

রাকেশ শর্মার অভিযোগ, পরে বিজয় শর্মাকে বাড়িতে ফিরিয়ে আনার সময় তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। তিনি আরও দাবি করেন, আয়ুশি নিজেই বাবার খাবার দেওয়ার নল খুলে ফেলেছিলেন। এর ফলে বিজয় শর্মার মৃত্যু হয় বলে অভিযোগ তার।

পুলিশ জানিয়েছে, বিজয় শর্মার মৃত্যুকে ঘিরে ওঠা নতুন অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আয়ুশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

This post was viewed: 10

আরো পড়ুন