চাকরির সাক্ষাৎকার দিতে বাসা থেকে বের হয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইন পার হওয়ার সময় বিমানবন্দরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।
রোববার (১২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিবের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তার বাবার নাম মফিজুল ইসলাম। তিনি বর্তমানে কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আবু রায়হান বলেন, ‘আজ সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডের রেলগেট পার হচ্ছিল ওই যুবকটি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে সে। পরে বিষয়টি দেখতে পেয়ে আমি তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।’
তিনি আরও বলেন, ‘এরই মধ্যে ওই যুবকের মোবাইল ফোনে কল আসলে তার বাবার সঙ্গে আমার কথা হয়। ওই ফোনের মাধ্যমে যুবকের নাম ও তাদের দেশের বাড়ি ঠিকানা আমি জানতে পারি। পরে তার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে আসতে বলি। ওই যুবকটি একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। এতটুকুই তার বাবার কাছ থেকে জানতে পেরেছি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।