Skip to main content

Ridge Bangla

চাকরির বাজারের চাহিদায় বারো হাজার ডিগ্রি বাতিল করল চীন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় বারো হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে চীন। ভবিষ্যতের চাকরির বাজার বিবেচনায় দেশটি এখন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর অনেক পুরোনো বিষয় বর্তমান কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না। এ কারণে সেগুলোর পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও রোবোটিকসসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসকদের মতে, কলা ও মানবিক বিষয়ের অনেক ডিগ্রি ধীরে ধীরে অচল হয়ে পড়ছে এবং এসব বিষয়ে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে। অন্যদিকে ‘এমবডিড ইন্টেলিজেন্স’ ধরনের নতুন ডিগ্রিগুলোকে বেইজিংয়ের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত পাঁচ বছরে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে দশ হাজারের বেশি নতুন ডিগ্রি চালু হয়েছে। এর বড় অংশই প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট।

শিক্ষার্থীদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক কাজ এখন কম্পিউটারের মাধ্যমে সহজেই করা সম্ভব হচ্ছে। নকশা তৈরি, ছবি বা মডেল তৈরির মতো ক্ষেত্রেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে কিছু বিষয়ে আগের মতো কর্মসংস্থানের সুযোগ থাকছে না।

শুধু চীন নয়, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতের চাকরির বাজারের উপযোগী করে নতুন প্রজন্মকে প্রস্তুত করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

This post was viewed: 11

আরো পড়ুন