চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানিয়েছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের ভেতরে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
পরে সীমান্তের কাঁটাতারবিহীন নিকটবর্তী অংশ দিয়ে ওই ৭ জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে বিজিবি।
বিজিবি আরও জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।