Ridge Bangla

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ১ হাজার ৭৭ জন

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ কর্মসূচির আওতায় ১ হাজার ৭৭ জনকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮৬টি গবাদিপশুকে ভেটেরিনারি সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগব্যবস্থা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে স্থানীয় মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এ বাস্তবতা বিবেচনায় সীমান্তবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি ও চক্ষুসহ বিভিন্ন বিষয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

একই সময়ে পরিচালিত ভেটেরিনারি ক্যাম্পে ১৮৬টি গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়, যা স্থানীয় পশুপালকদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানিয়েছে বিজিবি।

ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক, বিশেষজ্ঞ চিকিৎসক, ভেটেরিনারি চিকিৎসক এবং বিজিবির অন্যান্য সদস্য।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

This post was viewed: 5

আরো পড়ুন