সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফকেন্দ্রিক এসব এলাকায় শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই ঈদের আমেজ বিরাজ করছে।
সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইলসহ বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে। একইসঙ্গে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামেও আজ ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা।
স্থানীয় সূত্র জানায়, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রা.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতায় এখনো এসব এলাকার মুসল্লিরা আরব বিশ্বের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় আচার পালন করে থাকেন। এছাড়া আফগানিস্তানে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতেও কিছু মানুষ আজ ঈদ উদযাপন করছেন বলে জানা গেছে।