চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি একশ’র বেশি আসনে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। বাকি আসনগুলোতে ধাপে ধাপে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। সম্প্রতি সারাদেশের ৩০০ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের শীর্ষ নেতারা, যার ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ চলছে।
নীতিনির্ধারকরা জানান, ঘোষিত প্রার্থীদের বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই চূড়ান্ত মনোনয়ন পাবেন। দলীয় নেতারা মনে করছেন, আজকের স্থায়ী কমিটির বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলন নির্বাচনী কৌশল, আসন বণ্টন এবং রাজনৈতিক জোটের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।