Skip to main content

Ridge Bangla

চলন্ত বাসে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’, চালক আটক

যাত্রীবাহী বাসে কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক বাস চালককে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউশকান্দি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান। আটক ব্যক্তির নাম মো. সাব্বির মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বানিয়াচং উপজেলার বাসিন্দা এবং ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার ঢাকার ফার্মগেট থেকে তিনি ‘বিলাশ পরিবহনের’ একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও গভীর রাতে ঘুমিয়ে পড়ায় বাসটি তাকে সিলেট পর্যন্ত নিয়ে যায়।

সেখান থেকে নবীগঞ্জ হয়ে বানিয়াচং ফেরার জন্য মেয়েটি ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ওঠেন। পথে বাসের অন্য যাত্রীরা নেমে গেলে মেয়েটি একা হয়ে পড়েন। এ সুযোগে বাসচালক সাব্বির ও তার সহযোগী লিটন পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাসটি যখন আউশকান্দি এলাকায় পৌঁছায়, তখন মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানানো হলে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাব্বিরকে আটক করে। অন্য অভিযুক্ত লিটন মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মেয়েটি ও বাসচালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ওসি শেখ মোঃ কামরুজ্জামান বলেন, “ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পলাতক লিটন মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।” পুলিশ জানায়, লিটন মিয়ার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়।

 

 

 

 

 

 

 

 

 

This post was viewed: 50

আরো পড়ুন