Skip to main content

Ridge Bangla

চলন্ত বাইকারের মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই, ভুক্তভোগীকে নিজেরাই তুলে দিলেন রিকশায়!

মাথায় হেলমেট না থাকার সুযোগ নিয়ে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। অভিনব ও ভয়ংকর এই ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত তৎপরতা চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ শুরু করেছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় ছিনতাই হওয়া ইয়ামাহা এফজেড (ভার্সন ৩) মডেলের ওই মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের বেলা এক যুবক হেলমেট ছাড়াই গলি দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের একজন হঠাৎ ওই যুবকের মাথা লক্ষ্য করে সজোরে একটি ইট ছুড়ে মারে। ইটের আঘাতে চালক মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে অপর দুর্বৃত্ত দ্রুত মোটরবাইকটি নিয়ে চম্পট দেয়।

ছিনতাইয়ের পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর জন্য আরও এক দুর্বৃত্ত নাটকীয়তার আশ্রয় নেয়। সে ওপর থেকে ইট পড়েছে বলে চিৎকারের মাধ্যমে স্থানীয়দের জড়ো করে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর ভান করে। ফলে উপস্থিত সাধারণ মানুষ প্রথমে বিষয়টিকে একটি দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।

তবে পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি থাকায় পরবর্তীতে আসল রহস্য উন্মোচিত হয়।

This post was viewed: 20

আরো পড়ুন