চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনার পর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে শিক্ষামন্ত্রী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস (কেন্দ্র তালিকা) প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় কেন্দ্র কোড, সংশ্লিষ্ট কলেজের নাম, কলেজের কোড, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার তথ্যসহ বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই তালিকা অনুসরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।