Ridge Bangla

চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের গৌরবময় ছয় দশক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরভাস্বর এক নাম নায়ক রাজ রাজ্জাক। জীবিত থাকলে এ বছর (২০২৫) তার নায়ক হিসেবে চলচ্চিত্র জীবনের পথচলা ছুঁত ছয় দশকের মাইলফলক। ১৯৬৬ সালের ২৮ অক্টোবর জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’ চলচ্চিত্রে সূচন্দার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেই সূত্রে ২০২৫ সালের ২৮ অক্টোবর পূর্ণ হয়েছে তার অভিনয় জীবনের ৬০ বছর।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাকের শৈশব কেটেছে নাট্যচর্চায়। দেশভাগের পর ঢাকায় এসে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলেন। একে একে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে হয়ে ওঠেন দর্শকের প্রিয় ‘নায়ক রাজ’।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জীবন থেকে নেয়া’, ‘আলোর মিছিল’, ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’, ‘ময়নামতি’, ‘ওরা ১১ জন’, ‘নীল আকাশের নিচে’, ‘কাগজের নৌকা’, ‘ঢাকা ৮৬’, ‘আমি বাঁচতে চাই’সহ অসংখ্য কালজয়ী ছবি। নায়ক রাজ শুধু অভিনেতা নন, তিনি ছিলেন সফল নির্মাতাও। ‘রাজলক্ষ্মী প্রোডাকশনস’-এর ব্যানারে তিনি নির্মাণ করেছেন ২০টিরও বেশি চলচ্চিত্র।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। নায়ক রাজের বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাটও চলচ্চিত্রে নিজেদের জায়গা তৈরি করেছেন।

রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট পরপারে পাড়ি জমান। তার ছোট ছেলে সম্রাট বলেন, “আব্বার অভিনয় জীবনের ৬০ বছর পূর্ণ হলো, এটাই আমাদের গর্ব। তিনি আজ আমাদের মাঝে না থাকলেও দর্শকের ভালোবাসায় নায়ক রাজ রাজ্জাক আজও অমর। সবাই তার জন্য দোয়া করবেন।”

This post was viewed: 38

আরো পড়ুন