Skip to main content

Ridge Bangla

চবি ক্যাম্পাসে গোপন ঘাঁটিতে বাংলা মদের কারখানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস এলাকার একটি টিনঘরে অবৈধভাবে মদ উৎপাদন ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

গোপন সংবাদ পেয়ে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুমন চাকমা নামে এক ব্যক্তি গ্রেপ্তার হন। তার সঙ্গে থাকা এক নারীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে ঘর থেকে প্রায় ৩০ লিটার সদ্য প্রস্তুত গরম বাংলা মদ, ৫ লিটার ডেক্সি, বোতলভর্তি ডেলিভারি প্রস্তুত মদ এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি মদ বিক্রির লেনদেন সংবলিত একটি নোটবুকও উদ্ধার করা হয়।

জানা যায়, সুমন চাকমা প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে বসবাস করে কৃষিকাজের আড়ালে মদ উৎপাদন চালিয়ে আসছিলেন। পাশাপাশি দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সংরক্ষিত বিভিন্ন বন্য প্রাণী শিকার করে মাংস বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, লিজকৃত জমিতে অবৈধ মদ ব্যবসা পরিচালনার কারণে সুমনের লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগে তাকে আর্থিক জরিমানাও করা হবে।

অভিযানে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা সহায়তা করেন। পরে থানায় আলামত হস্তান্তরের পর সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী হত্যা এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

This post was viewed: 65

আরো পড়ুন