চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি এবং বাকিরা তদন্তে প্রাপ্ত আসামি।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, মঙ্গলবার মামলার ভিত্তিতে আটজনকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে তিনজন সরাসরি এজাহারে নাম থাকা আসামি। গ্রেপ্তার সবারই বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করা হয়। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান আব্দুর রহিম।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে প্রায় ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার অভিযোগে আলাদা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তদন্তের স্বার্থে এই জিডি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং হামলার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।