Skip to main content

Ridge Bangla

চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে এমপি ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

এর আগে একই দিন হাইকোর্ট রায় দিয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে এ রায় দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য হিসেবে সরোয়ার আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সরোয়ার আলমগীর। তবে তার মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করলে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করে নির্দেশ দেন, সরোয়ার আলমগীর নির্বাচনে জয়ী হলেও তার ক্ষেত্রে নির্বাচনের ফলাফল সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ স্থগিত থাকবে।

পরবর্তীতে গত ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করেন জামায়াতের ওই প্রার্থী। আপিলের শুনানি শেষে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির আদেশ বহাল রাখেন।

এর ধারাবাহিকতায় গত ২১ জুন রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। পরে শুনানি শেষে আদালত সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। সেই রায়ের পর নির্বাচন কমিশন তাকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

This post was viewed: 14

আরো পড়ুন