চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুটন মোল্ল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সোমবার বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয়দের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে।
আটক পুটন মোল্লের বয়স ১৯ বছর। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
This post was viewed: 3