Skip to main content

Ridge Bangla

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বাড়তি প্রবেশ ফি স্থগিত

চট্টগ্রাম বন্দরে যানবাহনের বর্ধিত গেটপাস ফি বা প্রবেশ মাশুল স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পর বন্দরে স্থবির হয়ে পড়া পণ্য পরিবহন কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, বন্দর চেয়ারম্যানের নির্দেশে পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে বাড়তি প্রবেশ ফি আপাতত স্থগিত থাকবে।

বৈঠকে জানানো হয়, সরকারি অনুমোদনক্রমে প্রকাশিত গেজেট অনুযায়ী বর্ধিত ফি কার্যকর করা হয়েছিল। তবে শ্রমিক ও মালিকদের দাবি বিবেচনা করে এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা এড়াতে বিষয়টি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ওমর ফারুক বলেন, “বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী একটি প্রস্তাব তৈরি করে বোর্ড ও মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই ফি কার্যকর হবে না।”

বৈঠকে উপস্থিত শ্রমিক ও মালিক প্রতিনিধিরা সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে কাজে ফেরার আশ্বাস দেন। বন্দরের বাইরে অপেক্ষমাণ প্রায় ৬ হাজার ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলার আবার বন্দরে প্রবেশের অনুমতি পেয়েছে, ফলে পণ্য ডেলিভারি ও রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন বলেন, “বর্ধিত ফি স্থগিতের পর আমরা সকল চালক ও মালিককে কাজে ফেরার আহ্বান জানিয়েছি।”

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হলে, প্রতিবাদে মালিক-শ্রমিকরা শনিবার থেকে কনটেইনার পরিবহন বন্ধ রাখেন।

This post was viewed: 68

আরো পড়ুন