Ridge Bangla

চট্টগ্রাম বন্দরে চালু হলো ৮০ কোটি টাকার নতুন ওএসএস ভবন

চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনটি চালুর ফলে এক ছাদের নিচে দ্রুত ও সহজে বিভিন্ন সেবা পাওয়া যাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

বুধবার বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। তাঁর আশা, ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবার মাধ্যমে অর্জিত আয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে। তিনি জানান, নতুন ভবন থেকে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা জোরদার, সেবা সহজীকরণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে এ ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগে ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্রটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় ৫ হাজার সেবাগ্রহীতাকে অভ্যন্তরে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমবে এবং সেবাপ্রার্থীদের ভোগান্তিও হ্রাস পাবে।

২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। নিচতলায় রাখা হয়েছে রিসেপশন এবং প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩টি তলায় বিভিন্ন সেবা দেওয়া হবে, ৫ম ও ৬ষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি ৩টি তলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কার্যক্রমে ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন