চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হওয়ার পর এ অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এ বাস্তবতায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি।
তিনি জানান, প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জনসভায় প্রধানমন্ত্রী লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেন। তিনি বলেন, উৎপাদিত লবণের সঠিক দাম না পাওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ছেন। এ সমস্যা সমাধানে সরকার শিগগিরই একটি মূল্য নির্ধারণ কাঠামো ঘোষণা করবে, যাতে লবণচাষিরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পান।
এ সময় তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রসঙ্গ তুলে বলেন, এটি জনগণের কল্যাণমুখী বাজেট। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থকে সামনে রেখেই সরকার কাজ করে যাচ্ছে।