Ridge Bangla

চট্টগ্রামে র‍্যাবের অভিযান: বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ পেশাদার কারবারি আটক

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক পেশাদার জাল কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে জাল মুদ্রা সংরক্ষণ ও বিক্রির প্রস্তুতির খবর মেলে। এরপর অভিযান চালিয়ে ওই ফ্ল্যাট থেকে সোহেল চৌধুরীকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার এবং ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে জাল মুদ্রা সংগ্রহ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উদ্ধার করা জাল মুদ্রাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন