Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে বিএনপির সংঘর্ষে আরও ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আরও পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ও একটি গাড়িতে করে দুর্বৃত্তরা এসে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর তারা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সুমনের বুকে গুলি লেগেছে, অবস্থা গুরুতর। রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে, ফলে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে একইদিন সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। সেই ঘটনায় তার সঙ্গে থাকা সরোয়ার বাবলা নামে এক কর্মী নিহত হন।

This post was viewed: 61

আরো পড়ুন