Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে বন্যার্ত ৫০০ পরিবারে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামের বন্যাকবলিত দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। প্রায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সেনানিবাস থেকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম বন্যাকবলিত এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্গম এলাকাগুলোতে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার্ত মানুষের জন্য জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে গত কয়েক দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। বিশেষ করে বোয়ালখালী, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে।

This post was viewed: 21

আরো পড়ুন