Ridge Bangla

চট্টগ্রামে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখা ঘিরে ব্রাজিল সমর্থককে ধাওয়া, গুজবে আতঙ্কিত দর্শকদের দৌড়াদৌড়ি

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপভোগের সময় ব্রাজিলের এক সমর্থককে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কে দর্শকদের ছোটাছুটি করতে দেখা যায়।

রোববার (১৯ জুলাই) রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে। পরে ঘটনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা যায়, সিআরবি এলাকায় ব্রাজিলের জার্সি পরা এক কিশোরকে কয়েকজন ধাওয়া করছেন। ধাওয়া দেওয়া ব্যক্তিদের বেশির ভাগের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। একই এলাকায় আরও একজনকে ধাওয়া করে একপর্যায়ে মারধর করার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর সোমবার সকালে সংবাদমাধ্যমকে বলেন, শত শত দর্শক সেখানে খেলা দেখেছেন। খেলা চলাকালে ছোটখাটো বিষয় নিয়ে দর্শকদের মধ্যে কথা-কাটাকাটি হতে পারে। তবে সিআরবি এলাকায় কাউকে মারধরের বিষয়ে পুলিশকে জানানো হয়নি। সেখানে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ২ নম্বর গেট এলাকায় দর্শকেরা আতঙ্কে দৌড়াচ্ছেন। ঘটনাস্থলের পাশে কিছু প্লাস্টিকের চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে আমি নিজে ছিলাম। খেলা চলাকালে হঠাৎ একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় মারামারির গুজবে দর্শকেরা দৌড়াদৌড়ি শুরু করেন।”

তিনি আরও বলেন, “বিষয়টি দেখতে পেয়ে আমরা দর্শকদের শান্ত করি। প্রকৃত বিষয় তুলে ধরার পর দৌড়ে পালিয়ে যাওয়া দর্শকেরা পুনরায় খেলা দেখতে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা দেখা শেষ হয়।”

This post was viewed: 1

আরো পড়ুন