Ridge Bangla

চট্টগ্রামে পিস্তল সন্দেহে অভিযান, উদ্ধার হলো রিভলবার আকৃতির গ্যাস লাইটার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে অভিযান চালিয়ে ৪ তরুণকে আটক করেছে পুলিশ। তবে জব্দ করা বস্তুটি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; রিভলবারের আদলে তৈরি একটি গ্যাস লাইটার।

রোববার বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন ওরফে হৃদয় (১৯)। তাঁরা সবাই ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র কেনাবেচার খবর পেয়ে সদস্যরা ক্রেতা পরিচয়ে সেখানে অভিযান চালান। এ সময় ৪ তরুণকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে রিভলবার সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ধাতব নির্মিত বস্তুটি আসলে চীনে তৈরি রিভলবার আকৃতির একটি গ্যাস লাইটার, যা বিউটেন গ্যাস ব্যবহার করে পুনরায় জ্বালানো যায়। এটি অস্ত্র হিসেবে দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে বিক্রির চেষ্টা করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘উদ্ধার হওয়া লাইটারটি দেখতে অনেকটা কোল্ট পাইথন ৩৫৭ ম্যাগনাম পিস্তলের আদলে তৈরি। প্রথম দেখায় এটিকে আসল আগ্নেয়াস্ত্র হিসেবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি।’

তিনি আরও বলেন, আটক ৪ জনকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হচ্ছে। লাইটারটি অবৈধভাবে অস্ত্র হিসেবে প্রদর্শন বা প্রতারণামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল কি না, তা নিশ্চিত হতে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

This post was viewed: 1

আরো পড়ুন