Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মধ্যে নৌবাহিনীর ২ হাজার প্যাকেট খাবার বিতরণ

চট্টগ্রামে বন্যা ও জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে নৌবাহিনী। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) নগরের পতেঙ্গা এলাকার বিভিন্ন স্থানে নৌবাহিনীর পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অস্বাভাবিক জোয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা এবং জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি চট্টগ্রামের নিচু এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।

এ পরিস্থিতিতে নৌবাহিনীর একটি দল শনিবার পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

পরে এসব এলাকার পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক দায়িত্বের অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

This post was viewed: 16

আরো পড়ুন