চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে সমাহিত থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৮ জন জাপানি সেনাসদস্যের দেহাবশেষ উত্তোলন করে তা নিজ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
আইএসপিআর জানায়, জাপান সরকারের অনুমোদিত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ১৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ শনাক্তকরণ ও উত্তোলনের কাজ পরিচালনা করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী পুরো কার্যক্রমে নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। খনন কার্যের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক।
দেহাবশেষ উত্তোলনের পর ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল নিহত জাপানি সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামরিক মর্যাদার অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে দেহাবশেষগুলো জাপানে পাঠানো হয়।
আইএসপিআর আরও জানায়, এর আগেও ২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিহত ২৩ জন জাপানি সেনার দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন কার্য সম্পন্ন করা হয়েছিল।