Ridge Bangla

চট্টগ্রামের শাহ আমানতে আরও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির প্রভাবে সারাবিশ্বে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলেও।

বুধবার (৪ মার্চ) মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকার কারণে শাহ আমানত বিমানবন্দর থেকে আরও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মোট ৪৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাতিল হওয়া অ্যারাইভাল ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট। ডিপার্চার ফ্লাইটের মধ্যে বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট।

তিনি আরও জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের OV-401 ফ্লাইট সকাল ৭টা ৫৫ মিনিটে অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে OV-402 ফ্লাইটে সকাল ৯টায় মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আসা BG-136 ফ্লাইট সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করে ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মাস্কাট থেকে আসা BS-322 ফ্লাইট সকাল ৯টায় অবতরণ করে ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

This post was viewed: 8

আরো পড়ুন