ঘোষণার তুলনায় অতিরিক্ত চকলেট ও ওয়েফার আমদানির ঘটনায় প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা রেইনবো করপোরেশনের আমদানি করা একটি পণ্যচালান কায়িক পরীক্ষা করেন। চালানটির বিল অব এন্ট্রি গত ৫ জুলাই দাখিল করা হয়েছিল।
পরীক্ষায় দেখা যায়, আমদানিকারক চকলেটের পরিমাণ ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি ঘোষণা করলেও প্রকৃতপক্ষে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। একইভাবে ওয়েফারের ক্ষেত্রে ঘোষিত ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজির পরিবর্তে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।
সব মিলিয়ে চালানটিতে ঘোষিত নিট ওজনের তুলনায় অতিরিক্ত ৫৪০ দশমিক ৪১ কেজি পণ্য পাওয়া যায়, যা ঘোষিত পরিমাণের তুলনায় প্রায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।
এ ঘটনায় অতিরিক্ত শুল্ক ও কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ১ লাখ টাকা আদায় করা হয়েছে।
ফলে চালানটি থেকে মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪১ টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।