Ridge Bangla

ঘুষ–দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) ঘোষিত এই রায়ে দণ্ড কার্যকরের ক্ষেত্রে দুই বছরের স্থগিতাদেশ রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

আদালতের রায়ে বলা হয়েছে, স্থগিতাদেশ শেষে এই শাস্তি আজীবন কারাদণ্ডে রূপ নেবে। এরপর আর কোনো সাজা কমানো, পরিবর্তন বা প্যারোলের সুযোগ থাকবে না।

রায়ে ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি ঘুষ প্রদানের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। দুজনই চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সাবেক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং স্টেট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আদালত তাদের শুধু মৃত্যুদণ্ডই নয়, আজীবনের জন্য রাজনৈতিক অধিকার বাতিল এবং সব সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এরপর ২০২৩ সালের মার্চে তাকে সরিয়ে লি শাংফুকে দায়িত্ব দেওয়া হয়। তবে লি শাংফুর মেয়াদ ছিল স্বল্পস্থায়ী। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাকে বরখাস্ত করা হয় এবং তিনি হঠাৎ জনসমক্ষে অনুপস্থিত হয়ে পড়েন, যা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়।

রাষ্ট্রীয় তদন্তে লি শাংফুর বিরুদ্ধে বিপুল অর্থ ঘুষ গ্রহণ এবং ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। একইভাবে ওয়েই ফেংহের বিরুদ্ধেও দায়িত্বে থাকাকালে অবৈধ অর্থ ও সম্পদ গ্রহণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন