যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার সমন্বয় ও তদারকির দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা প্রধানের পদে বিল পুলটেকে ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা খাতে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে বিল পুলটে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আবাসন খাতের একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্য এবং ইকুইটি ফাইন্যান্সার হিসেবে পরিচিত পুলটে বর্তমান গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হবেন। গ্যাবার্ডের শেষ কর্মদিবস নির্ধারিত রয়েছে ৩০ জুন।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প পুলটের প্রশংসা করে বলেন, “আমেরিকার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলো পরিচালনা করা, বাজারের নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তদারক করার ক্ষেত্রে উইলিয়ামের গভীর অভিজ্ঞতা রয়েছে।”
সরকারি নিয়ন্ত্রণাধীন বন্ধকী প্রতিষ্ঠান ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের কার্যক্রম তদারকিতে পুলটের ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। নতুন দায়িত্ব গ্রহণের পরও তিনি ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে বহাল থাকবেন।
তবে নিয়োগের ঘোষণার পর কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের আইনপ্রণেতাদের কাছ থেকেই সমালোচনা এসেছে। সিনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “এই প্রেসিডেন্ট দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে কী আশা করেন, তা এই নিয়োগের মাধ্যমে স্পষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন, “একজন সম্মানিত জাতীয় নিরাপত্তা পেশাদারকে বেছে নেওয়ার পরিবর্তে, যিনি স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম; প্রেসিডেন্ট এমন একজন কর্মকর্তাকে বেছে নিয়েছেন যিনি রাজনৈতিক প্রতিশোধ নিতে সরকারি ক্ষমতা ব্যবহারে উন্মুখ।”
অন্যদিকে রিপাবলিকান সিনেটর জন কর্নিনও এ নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি এই পদের জন্য তার যোগ্যতার কোনো প্রমাণ দেখছি না, তবে আমি শুনতে রাজি আছি।”
বিল পুলটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি মর্টগেজ জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিলেন। যাদের নাম এ অভিযোগে এসেছে তাদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ, নিউ ইয়র্কের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস, ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জেরোম পাওয়েল এবং গভর্নর লিসা কুক।