Skip to main content

Ridge Bangla

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক উদ্ধারের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা। তিনি জানান, ফরিদপুর থেকে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের অপু শেখের ছেলে।

র‍্যাব জানায়, গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এবং আরও ১০ থেকে ১২ জন সরকারি কর্মকর্তার উপস্থিতিতে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হিরোইন উদ্ধার করা হয়। পরে তাকে সাজা দেওয়ার সময় তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালিয়ে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হয়। পরে তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হয়।

র‍্যাবের ভাষ্য, এর ধারাবাহিকতায় গত ২৭ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং র‍্যাব-৬-এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।

মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, ফয়সাল শেখের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন