ভারতের লোকসভার চলতি বাদল অধিবেশনে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরীক্ষা জালিয়াতি প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের গঠিত নতুন টাস্কফোর্সকে ঘিরে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস। বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটিকে নিয়ে করা একটি মন্তব্য।
পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সরকারের গঠিত উচ্চপর্যায়ের প্যানেলের সমালোচনা করেন। তিনি বলেন, নতুন নতুন কমিটি গঠনের পরিবর্তে সরকারের উচিত নিজেদের উপদেষ্টাদের পরিবর্তন করা। তাঁর দাবি, আগের রাধাকৃষ্ণন কমিটির কোনো সুপারিশ এখনো বাস্তবায়ন করা হয়নি।
নবগঠিত কমিটির সদস্যদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, এই কমিটিতে একজন সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান, একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মালিকের পাশাপাশি একজন ‘গোমূত্র বিশেষজ্ঞকেও’ রাখা হয়েছে।
প্রিয়াঙ্কা গান্ধী কারও নাম উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের ধারণা, তাঁর এ মন্তব্য আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটিকে উদ্দেশ্য করেই করা হয়েছে। গোমূত্রের ভেষজ ও ঔষধি গুণাগুণ নিয়ে অতীতে দেওয়া বক্তব্যের কারণে তিনি আলোচনায় এসেছিলেন।
এর জবাবে লোকসভায় কড়া প্রতিক্রিয়া জানান বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, প্রিয়াঙ্কার বক্তব্য দেশের একজন খ্যাতিমান বিজ্ঞানী ও শিক্ষাবিদকে অপমান করার শামিল।
অনুরাগ ঠাকুর আরও বলেন, অনেকে ভেবেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ভাই রাহুল গান্ধীর চেয়ে ভিন্ন অবস্থান নেবেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁদের চিন্তাধারা একই রকম। তিনি মন্তব্য করেন, আরএসএসের সঙ্গে যুক্ত থাকা কোনো অপরাধ নয় এবং প্রিয়াঙ্কারও আরএসএস থেকে জাতীয়তাবাদী মূল্যবোধ শেখা উচিত।
এ সময় তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, প্রিয়াঙ্কার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, তাঁদের হয়তো গোমূত্র সেবন করা উচিত।