Skip to main content

Ridge Bangla

গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার ওপর ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ কার্যকর থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, মিছিল-মিটিং, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সরকারি কর্মকর্তার গাড়িবহরে হামলা এবং শহরের বিভিন্ন স্থানে অবরোধের কারণে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি রোধে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে। ওষুধ, চিকিৎসা ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে। অন্যথায় কাউকে বাইরে বের হতে দেওয়া হবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির যৌথ বাহিনী পুরো শহরজুড়ে টহল দেবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। যে কোনো ধরনের অস্থিতিশীলতা কঠোরভাবে দমন করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

This post was viewed: 54

আরো পড়ুন