গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির কাছের একটি পুকুর থেকে বি. এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মাহমুদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়ির মলছড়িতে ৬ এপিবিএনে উপপরিদর্শক (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।