Skip to main content

Ridge Bangla

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, “দেশে গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী দোসররা এখন অরাজকতার চরম ছক আঁকছে। দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই।”

মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী শাসকগোষ্ঠীর পতনের পরও দুষ্কৃতকারীরা অস্থিতিশীলতা ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ আহত করার ঘটনা তারই প্রমাণ।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এদের কঠোর হাতে দমন করা জরুরি।”

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকারের লড়াই এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে।”

বিবৃতিতে তিনি গোপালগঞ্জে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এবং আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

This post was viewed: 62

আরো পড়ুন