Ridge Bangla

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা দল পরিবর্তনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে নিজড়া মধ্যপাড়ার আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

অনুষ্ঠানে ড. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে।

নবাগত নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।

তারা আরও জানান, দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও ইমরুল মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগদান অনুষ্ঠানে অংশ নেন।

This post was viewed: 12

আরো পড়ুন