রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় কারিগর ও গ্রাহকসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আলু বাজার এলাকার ‘আরমান হেয়ার কাটিং’ নামের একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ গ্রাহকেরা হলেন মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫)। এ ছাড়া সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭) দগ্ধ হয়েছেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মো. ফারুকের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং রফিকের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
কারিগরদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ পুড়ে গেছে।
শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে সাকিবকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।